
কাগজ ডেস্ক:দেশের প্রয়োজনে ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সরওয়ার একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পিনাকী নিজেই। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পিনাকী লেখেন, “দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সরওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন।”বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে দ্রুত গতিতে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি গুঞ্জন উঠেছে, তিনি পদত্যাগের কথা ভাবছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে একটি অশুভ চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রে সাতজন সদস্য রয়েছেন—চারজন দেশের ভেতরে, তিনজন বাইরে। তারা সবাই উচ্চশিক্ষিত হলেও চরম দক্ষিণপন্থী রাজনীতির প্রতি তাদের প্রবল আগ্রহ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই চক্র দেশের নির্বাচন প্রক্রিয়া ঠেকাতে চাইছে এবং প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রফেসর ইউনূসের পদত্যাগে সংকটের সমাধান হবে না, বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাদের মতে, সময়মতো সঠিক সিদ্ধান্ত না নিলে ইউনূস ‘গেমের’ নিয়ন্ত্রণ হারাতে পারেন, যার ফলাফল হতে পারে বিপ্লবের মূল চেতনার ক্ষয়।একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
Leave a Reply