
মাসুম মির্জা ।।
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, এখন থেকে একজন ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন না। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৭তম দিনের দ্বিতীয় দফার আলোচনার শুরুতেই এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছেন। তবে কিছু দল এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। সেইসব দল ও জোট ‘জাতীয় সনদ’-এ নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দিতে পারবেন।
এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আমজনতার দল এই বাধ্যবাধকতার বিরোধিতা করেছে। তাদের মতে, একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা থাকলেও সাংবিধানিক বা কার্যকরী কোনো সমস্যা হয় না।
ভিন্নমত পোষণকারীদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা ‘নোট অব ডিসেন্ট’ দিতে চান, তারা চাইলে নিজেদের মত পুনর্বিবেচনা করতে পারেন।
তিনি আরও জানান, অতীতের নিয়ম অনুসারে জাতীয় সনদে ভিন্নমতকারীরা আপত্তি লিপিবদ্ধ করতে পারবেন, এবং সেটাই হবে কমিশনের নীতিগত সিদ্ধান্ত।
মঙ্গলবারের আলোচনায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল— প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত সিদ্ধান্ত। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধানের বিষয়াদি।
আলোচনার শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
Leave a Reply