নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:
নেছারাবাদের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল।। শুক্রবার (১ আগষ্ট) পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে, দপ্তর সম্পাদক খালিদ হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার আওতাধীন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদধারী হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭২ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে পিরোজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এই নির্দেশনা প্রদান করেন।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, তারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে, যেহেতু আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রবাকান্ডা ছড়াচ্ছে, যার কারনে তারা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গ কি করেছে আলোচনা করে দেখবো। সেজন্য তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তবে দলীয় শৃঙ্খলার অভিযোগ সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বলেন এই মুহূর্তে তিনি বলতে পারবেন না বলে জানান।