
কাগজ ডেস্ক:বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, একই সঙ্গে কর ফাঁকি দেওয়ার সুযোগও তৈরি করে।
এখন থেকে এ প্রবণতা বন্ধ করা জরুরি।গভর্নর আরও উল্লেখ করেন, বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি ইতিমধ্যেই শক্তিশালী হয়েছে। আগামী ৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ড. আহসান এইচ মনসুর বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়। এতে করে সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।এ সময় তিনি জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ‘ন্যানো লোন’ সেবা জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এ ধরনের ঋণ সুবিধা পাচ্ছেন এবং এ পর্যন্ত প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।
Leave a Reply