মোঃ মহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
“সদস্য নবায়ন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসর যেন দলে ঢুকতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে” বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
শনিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা বিএনপির এ নেতা আরও বলেন, “আমরা চাই সংগঠনকে আরও শক্তিশালী করতে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে প্রকৃত নেতাকর্মীদের ভূমিকা রাখার সুযোগ দিতে হবে।
যারা দলের আদর্শে বিশ্বাসী নয় বা অতীতে দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।” অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক। তিনি বলেন, “বিএনপির এই কর্মসূচি শুধু সদস্য সংগ্রহ নয়, এটি আসলে তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি ও সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস,কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । সে সময় বক্তারা বলেন, মহেশপুরসহ পুরো জেলায় বিএনপির কর্মকাণ্ড নতুন গতি পাচ্ছে।
এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে দলের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে তারা জানান, অনেক গ্রামীণ অঞ্চলে বিএনপির দীর্ঘদিনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে পুনর্নবায়ন করা হবে এবং নতুন প্রজন্মের তরুণদেরও যুক্ত করা হবে। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এ সময়ে নবায়নের পাশাপাশি নতুন করে অন্তত ৪০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা আরও জানান, এই কর্মসূচিকে ঘিরে মহেশপুরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত গিয়ে সদস্য সংগ্রহ করবেন।
বিশেষ করে যুব ও ছাত্রসমাজকে দলে সম্পৃক্ত করতে গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সংগঠনকে নতুন করে সাজানোর চেষ্টা করছে। ঝিনাইদহের মতো সীমান্তবর্তী ও রাজনৈতিকভাবে সক্রিয় জেলায় সদস্য সংগ্রহ কর্মসূচি তৃণমূল পর্যায়ের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।