
অনলাইন ডেস্ক,
ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং পড়ুয়া শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং শামীমার সহপাঠীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—শামীমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
সহপাঠী মিতুল, আপন ও লিখন মানববন্ধনে বক্তব্য রাখেন।
সহপাঠী মিতুল বলেন, “মৃত্যুর দিন সকালেও শামীমার সঙ্গে আমার কথা হয়। তার আচরণে এমন কিছু পাইনি, যাতে বোঝা যায় সে আত্মহত্যা করতে পারে। আমরা কয়েকটি অডিও ক্লিপ পেয়েছি, যেখানে পরিবার থেকে শামীমার ওপর নির্যাতনের প্রমাণ মেলে। তাই আমরা নিশ্চিত আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক।”
সহপাঠী আপন অভিযোগ করেন, “একটি চিরকুট দেখানো হয়েছে যে শামীমা আত্মহত্যার আগে লিখে গেছে। কিন্তু প্রদর্শিত হাতের লেখা মোটেও শামীমার নয়। তার নিজস্ব হাতের লেখার সঙ্গে এর কোনো মিল নেই। বিষয়টি ধামাচাপা দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত ২০ আগস্ট (বুধবার) সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে বসবাসকারী নার্সিং পড়ুয়া নাসরিন নাহার শামীমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে সহপাঠী ও স্থানীয়রা সেখানে গিয়ে সন্দেহ প্রকাশ করেন যে শামীমা আত্মহত্যা করতে পারে না। তাদের দাবি, এটি হত্যাকাণ্ড হতে পারে।
নাসরিন নাহার শামীমাকে দীর্ঘদিন ধরে লালন-পালন করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা।
Leave a Reply