
অনলাইন ডেস্ক,
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর শাখা। এই বিক্ষোভ শেষে ভাঙচুরের ঘটনা ঘটে জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জাতীয় পার্টির রাজশাহী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশ শেষে একদল বিক্ষোভকারী গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি কার্যালয়ের দরজা, চেয়ার-টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা শ্লোগান দেয়— ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’।
এনসিপি নেতারা অভিযোগ করেন, ঢাকায় নুরের মিছিলে অংশ নেওয়ার সময় জাতীয় পার্টির লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে নুরসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।
রাজশাহীর এ বিক্ষোভে উপস্থিত ছিলেন— এনসিপি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, রাজশাহী জেলার ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগরের যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply