অনলাইন,
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ, হাত ভেঙে গেছে। এখন মুমূর্ষু অবস্থায় আছে—বাঁচবে কি মরবে, আমি জানি না।”
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান জানান, তিনি নিজেও হামলার শিকার হয়েছেন। তাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, “আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাই, তখন তাদের অফিস থেকে আমাদের ওপর প্রথম দফা হামলা চালানো হয়। এর প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। এরপর যখন মিছিলটি আবার সেই দিকে অগ্রসর হয়, তখন দ্বিতীয় দফা হামলা চালানো হয়।”
তিনি আরও জানান, এ ঘটনার পর তারা সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। কিন্তু সেটি শুরুর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে তাদের ওপর লাঠিচার্জ ও হামলা চালান। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরও কেন এই হামলা হলো, সেটা বুঝে উঠতে পারছি না।”
রাশেদ খান অভিযোগ করেন, “এই সরকার জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে। আমরা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেই না থাকলে আজকের গণঅভ্যুত্থান গড়ে উঠত না।”