
আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনার ঘোষণা করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এ সিদ্ধান্তের আওতায় জাপান থেকে যুক্তরাষ্ট্রে আসা প্রায় সব ধরনের রপ্তানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যার মধ্যে গাড়ি ও ওষুধও অন্তর্ভুক্ত।চুক্তির অংশ হিসেবে টোকিও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। পাশাপাশি, জাপান ধীরে ধীরে মার্কিন পণ্য, বিশেষ করে গাড়ি ও চালের জন্য তাদের বাজার উন্মুক্ত করবে।ট্রাম্প প্রশাসন জানিয়েছে, জাপান বছরে অন্তত ৮ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য, সার ও বায়োইথানল ক্রয় করবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে উৎপাদিত চালের কেনার পরিমাণ ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে, যা আগে জাপান রাজি ছিল না।জুলাইয়ে ঘোষিত এই চুক্তিকে ট্রাম্প “বিশাল অর্জন” হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এটি সবার জন্য দারুণ চুক্তি। আমি সবসময় বলি— চুক্তি সবার জন্য ভালো হতে হবে।জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়াও এই ঘোষণাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।যুক্তরাষ্ট্র জাপানের সবচেয়ে বড় রপ্তানি বাজার।
দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই গাড়ি। আগের শুল্কনীতির কারণে আগস্টে বিশ্ববাজারে তোলপাড় সৃষ্টি হয়েছিল।গত মাসে টয়োটা সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে চলতি বছরে তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। এখন টয়োটা, হোন্ডা ও নিসানের মতো জাপানি গাড়ি নির্মাতাদের জন্য এটি বড় স্বস্তির খবর।
সূত্র : বিবিসি
Leave a Reply