নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৈহারী ইউনিয়নের বাঁশতলা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত মলিনা হালদার (৪০) ওই গ্রামের সুভাষ হায়দারের স্ত্রী। তিনি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় মলিনা নিজের ঘরের পাশে একটি কাঠের বাক্সে কেরোসিন ঢেলে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন।
স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে পানি দিয়ে আগুন নেভান এবং অগ্নিদগ্ধ অবস্থায় মলিনাকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে পথেই ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতরেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী সুভাষ হালদার জানান, মলিনা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস আগে তাঁকে ফরিদপুর হাসপাতালে নিয়ে মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসা দেওয়া হয়েছিল। মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।
স্থানীয় ইউপি সদস্য প্রবীর জানান, মলিনা প্রায় চার-পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি স্বামী কাজ থেকে ফিরে এসে রান্না করে তাঁকে খাওয়াতেন। তিনি মাঝে মাঝে ভয় পেতেন এবং বলতেন কেউ তাকে হত্যা করতে পারে।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।