
অনলাইন ডেস্ক:জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার (নিউইয়র্ক সময় সকাল ১০টা, বাংলাদেশ সময় রাত ৮টা) অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এ সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানও রয়েছেন।জাতিসংঘের এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন আরও জোরদার করা, বৈশ্বিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা এবং সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ।সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট, সময়সীমাবদ্ধ ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বিশেষভাবে অগ্রাধিকার পাবে রোহিঙ্গা মুসলিমদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি।ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পক্ষে সম্মেলনে প্রতিনিধিত্ব করছে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর পক্ষে প্রতিনিধিত্ব করছে কুয়েত।সম্মেলনের আগে সোমবার নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হোটেলে পৃথক বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
এসব বৈঠকে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় রাখাইন রাজ্যের চলমান গৃহযুদ্ধ, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের রোডম্যাপ, শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।