
আন্তর্জাতিক ডেস্ক:
পাঁচ বছর পর ভারতের সঙ্গে চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হওয়া এই ফ্লাইটগুলো সীমান্ত উত্তেজনার কারণে পরে আর চালু হয়নি।
ভারতের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ায় নির্দিষ্ট কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের চীনা দূতাবাস জানিয়েছে, চলতি অক্টোবরের শেষ দিক থেকে নির্দিষ্ট শহরগুলোর মধ্যে ফ্লাইট চালু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্যিক এয়ারলাইনসগুলো। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার ভারতের উদ্যোগের অংশ।
এদিকে, ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চীনের গুয়াংজুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।
সম্প্রতি সাত বছর পর প্রথমবারের মতো আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্লেষকরা এই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন।
উল্লেখযোগ্য, ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে চারজন চীনা ও ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা হিসেবে ধরা হয়, যা দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ দীর্ঘ সময়ের জন্য স্থবির করে দেয়।
সূত্র : এপি
Leave a Reply