যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার রাতে ঢাকার শিশু মেলা থেকে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে শাহারুল আত্মগোপনে ছিলেন।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় জনতা যশোরের আওয়ামী লীগ নেতা ঢাকায় শিশু মেলায় ঘুরতে দেখেন। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসেন। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে শাহারুল ইসলামকে ঢাকার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) আহসান হাবীব জানান, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ঢাকায় আটক হয়েছেন। শেরেবাংলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, আত্মগোপনে থেকে শাহারুল ইসলাম প্রায় ফেসবুক লাইভে যুক্ত হয়ে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। বুধবার (২৯ অক্টোবর) যশোর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে গিয়ে দুইজন আটক হন। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। শাহারুল ইসলাম ওই মামলার আসামি ছিলেন।