
যশোর প্রতিনিধি : যশোর সদরের ভায়না গ্রামের দোরাস্তা এলাকার শেখ হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা মঙ্গলবার গভীর রাতে বাড়িতে ঢুকে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা মৃত শেখ আব্দুল আজিজের ছেলে শেখ হাবিবুর রহমানের দুইতলা ভবনের পিছনের গেটের তালা কেটে দ্বিতীয় তলায় প্রবেশ করে। এ সময় শেখ হাবিবুর রহমান ও তার স্ত্রী এবং মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতরা। এরপর ডাকাতরা আলমারি ও বাক্স ভেঙে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে।
হাবিবুর রহমানের স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ৬/৭ জন ডাকাত তাদের বাড়িতে ডাকাতি করেছে। ডাকাত দলের সদস্যদের মুখে মাস্ক পরে ছিল। একজন সদস্য আমার ও মেয়ের পাশে বসে পাহারা দিচ্ছিল। ডাকাতদের ভয়ে আমার মেয়ে চিৎকার করলে এক ডাকাত তার মুখ চেপে ধরেছিল। পরিবারের কেউ ডাকাত দলের কাউকেই চিনতে পারেনি। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল আমাদের বাড়ি গিয়েছিল।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। একাধিক টিম কাজ করছে। এটি ডাকাতি কিনা, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
Leave a Reply