
নিজস্ব প্রতিবেদক : সড়কের উপরে রাখা ছিল বালুর স্তুপ। সেই বালুর স্তুপে ঢুকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তার উপরে পড়ে ট্রাকের চাপায় প্রাণ হারালেন রফিক রেজা (৪৫) নামে এক ভূমি অফিস সহকারী। একইসাথে গুরুতর আহত একই অফিসের নায়েব নুরুজ্জামানকে যশোর সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে -কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দূঘটনাটি ঘটে । মহেশপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী হিসাবে কর্মরত নিহত রেজা শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের পুত্র। এ ঘটনায় গনমাধ্যমকর্মীদের সাথে অশোভন আচনের অভিযোগ উঠেছে স্থানীয় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার ওপরে বালু ব্যবসায়ীদের রাখা বালুর স্তুপে পড়ে মটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা ট্রাক ঢাকা মেট্রো-ট ২৪-০৪৩৬ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন। স্থানীয়রা গুরুত্বর আহত তারই সহকর্মী কালীগঞ্জ ফয়লা গ্রামের নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহে গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে সড়কের উপর স্তুপ বালুর ছবি তুলতে গেলে স্থানীয় বালু ব্যাবসায়ীরা সাংবাদিকদের বাধা প্রদান করেন। এ সময় সেলিম মামুন ও সজিব নামে তিন যুবক সাংবাদিকদের সাথে খারাপ আচরন করেন। প্রশাসনের হস্তক্ষেপ ও তাদের বিচার দাবী করেন সাংবাদিকগন।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
Leave a Reply