
স্বাধীন বাংলা নিউজ ডেস্ক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই লন্ডনে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর তাকে লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘লন্ডন ব্রিজ হাসপাতালে’ ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে।
উন্নত চিকিৎসা সুবিধা এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য সুপরিচিত এই হাসপাতালটির মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এইচসিএ হেলথকেয়ার।
বিশাল এই আধুনিক চিকিৎসাকেন্দ্রে রয়েছে ১৬০টিরও বেশি শয্যা, ২২টি আইসিইউ শয্যা এবং ১০টি আধুনিক অপারেটিং থিয়েটার—যা জটিল রোগীর উন্নত চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি প্রধানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংকটাপন্ন অবস্থায় (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের ভেতর ও বাইরের বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে যাবেন।
Leave a Reply