
স্বাধীন বাংলানিউজ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে ওমর শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সে উপজেলার বারোবাজার বেলাট গ্রামের ছাত্তার শেখের ছেলে। শুক্রবার সকালে শহরের মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্রের কাটা চিহ্ন ও রশি দিয়ে পেচানো ছিল।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, আগের দিন বৃহস্পতিবার বিকালে ওমর শেখ নসিমন নিয়ে বাড়ী থেকে বের হয়। রাতে আর বাড়ি আসেনি। তার খোজও পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে ঘটনাস্থলের স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তার লাশ উদ্ধারের পর সন্ধান মিলে।
বারোবাজারের ইসমাইল নামে এক ব্যক্তি জানান, আমরা একসাথে শ্রমিকের কাজ করতাম। অল্প কিছুদিন হয়েছে ওমর আলী নসিমন কিনেছে। সে বারোবাজারের মাছের ভাড়া টানত। সকালে তার ফোনে কল দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি সে হত্যার স্বীকার হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থলে পৌছে ওমর শেখ নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় অস্ত্রের কাটা চিহ্ন ও রশি দিয়ে পেচানো ছিল। তার চালিত নসিমনটির সন্ধান মিলছে না।পুলিশের ধারনা কে বা কারা তাকে হত্যার পর লাশ ফেলে রাখতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারন উদঘাটনে তদন্ত চলছে বলে যোগ করেন তিনি।
Leave a Reply