ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহকে একটি নিরাপদ, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল। একই সঙ্গে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, ঝিনাইদহকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।
সোমবার দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে পুলিশ সুপার মাহফুজ আফজাল তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে চান তিনি। তিনি আরও উল্লেখ করেন, আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনও প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঝিনাইদহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা দ্রুত সংশোধনের সুযোগ পাব।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।