
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার (৩৫) এবং তার স্ত্রী নাসরীন আক্তার (৩০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোররাতে নেছারাবাদ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক রাসেল হাওলাদার ওরফে (সানস্টার রাসেল) স্বরূপকাঠী পৌরসভার জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে। জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা রাসেল হাওলাদার ও তার স্ত্রী এলাকায় মাদক কেনা-বেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে তাদের নিজ বাসায় যৌথ বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।
এ সময় তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাঁজা, অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড, নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণে ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড, মদ ও সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডিং মেশিন, ১টি জঙ্গল নাইফ, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল উদ্ধার করা হয়। আটককৃত দম্পতি ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply