
অনলাইন ডেস্ক:
যশোর শহরের ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সোনালী ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতা ও পাম্পে থাকা গ্রাহকদের দ্রুত তৎপরতায় পাম্পটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান ব্যক্তিগত কাজে বিকেলে যশোর শহরের ধর্মতলা এলাকায় আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ তেল ওভারফ্লো হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। এরপর ৪১০ টাকার তেল নিয়ে (৪০ টাকা ফেরত নিয়ে) মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সাথে সাথেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নিয়ে যান। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply