
মোঃ রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
মোঃ রুহুল আমিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেয়েছেন আহমদ সোহেল মনজুর সুমন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পিরোজপুর-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পিরোজপুর জুড়ে বইছে আনন্দের জোয়ার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনকে ঘিরে দক্ষিণাঞ্চলে ব্যাপক আলোচনা চলছিল। বিশেষ করে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী এই তরুণ সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পিরোজপুরের উন্নয়নে গতি আসবে।
তাদের প্রত্যাশা, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করে অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এদিকে তার এই প্রতিমন্ত্রীর খবরে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরাও আনন্দিত। তারা উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়নের আশা করছেন। স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, “তিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মনজুর-এর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
তার শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে দেশ যেমন উপকৃত হবে, তেমনি মন্ত্রিসভাও হবে আরও কার্যকর।” প্রতিমন্ত্রী হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে পিরোজপুরসহ গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদী-কে পরাজিত করে বিজয় অর্জন করেন। তার এই বিজয়কে পিরোজপুরবাসী নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন।
Leave a Reply