মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই কিশোরী। পরে সিলেটে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। তবে শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছানো হয়নি। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জের ভৈরব থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পরে দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই কিশোরী হলো কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দুই কিশোরী।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাদের বাবা সুব্রত দেবনাথ কালীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়।
পরে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে দুই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ভৈরব থেকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের উদ্দেশে ওসি বলেন, সন্তানদের সঙ্গে সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করা জরুরি। তাদের মানসিক অবস্থা ও অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হলে অভিমান বা আবেগের বশে সন্তানদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কমবে।