
মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় দিন দিন আম গাছ কেটে বিকল্প ফসল চাষের দিকে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন ধরে আম চাষে কাঙ্ক্ষিত লাভ না পাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন।
(৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে সরেজমিনে পরিদর্শনে গেলে কৃষকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। এ সময় স্থানীয় কৃষক মো. আমিরুল ইসলাম, মো. লিটন আহম্মেদ, মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে জানান, আম গাছের পরিচর্যা, কীটনাশক প্রয়োগ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় আম চাষ এখন আর লাভজনক থাকছে না। উল্টো অনেক ক্ষেত্রে লোকসান গুনতে হচ্ছে।
ফলে তারা আম বাগান তুলে ফেলে সবজি, ধান, ভুট্টাসহ অন্যান্য স্বল্পমেয়াদি ও লাভজনক অর্থকরী ফসল চাষের জন্য জমি প্রস্তুত করছেন। কৃষকদের আশা, এসব বিকল্প ফসল চাষের মাধ্যমে দ্রুত আর্থিক লাভের পাশাপাশি সংসারের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিকল্পনাহীনভাবে আম গাছ কেটে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বাঘা অঞ্চলের ঐতিহ্যবাহী আম চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। তারা এ ক্ষেত্রে কৃষি বিভাগের যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply