
মোঃ রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন আগামী ১২ তারিখে ভোটারদের কাছে তার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বরূপকাঠীকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা ও পিরোজপুর-২ আসনের জনগণের সেবা করার লক্ষ্যে তিনি ভোটারদের কাছে একবার সুযোগ প্রার্থনা করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার শেষ দিনে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, “আর মাত্র তিন দিন বাকি আছে। আমাদের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। বিজয় নিশ্চিত করতে আগামী তিন দিন সবাইকে সজাগ থাকতে হবে, যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমাদের ঈমানি দায়িত্ব ভুলে গেলে চলবে না। কোনো প্ররোচনায় পড়ে যেন দলের সঙ্গে মোনাফেকি না করি—এটাই আজকের আসল পরীক্ষা।
”
তিনি বলেন, “বিগত ১৭ বছরে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। অনেক পরিবার আত্মীয়স্বজন হারিয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান।”
তিনি আরও বলেন, “আজ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা যদি ভুল করি, তাহলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।
বিশেষ করে স্বরূপকাঠী উপজেলা গত প্রায় ২০ বছর ধরে অবহেলিত। প্রয়াত শহীদুল জামাল যে উন্নয়ন করে গেছেন, তার পর আর কেউ এই অঞ্চলের উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। গত ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এলেও তা লুটপাট হয়ে গেছে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ তারিখে আপনাদের সমর্থনে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে গত ১৭ বছরে যে উন্নয়ন বঞ্চনা হয়েছে, আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ তা পূরণ করব। আমি আপনাদের এলাকার সন্তান, একজন মুক্তিযোদ্ধার
সন্তান হিসেবে আজ আপনাদের সামনে আকুল আবেদন জানাচ্ছি।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনারা যদি আমাকে ভোট দেন, আমি উন্নয়ন করতে পারব। নির্বাচনের দিন রাত পর্যন্ত পরিশ্রম করব এবং নির্বাচনের পর মৃত্যুর আগ পর্যন্ত সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। স্বরূপকাঠীর সন্ধ্যা নদীর ওপর হযরত নেছারউদ্দিন (রহ.)-
এর নামে একটি সেতু নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান স্পষ্ট করে বলেছেন—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম—সবাই আমরা ভাই ভাই। কোনো ভেদাভেদ নেই। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনারাই ভোটের মালিক। আপনারা ভোট না দিলে আমি নির্বাচিত হতে পারব না। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়তে এবং সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিন। একবার সুযোগ দিলে ইনশাআল্লাহ সৎভাবে কাজ করে দেখিয়ে দেব—স্বরূপকাঠী পিরোজপুর জেলার মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে পরিচিতি পাবে।”
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল-বেরুনী সৈকত, স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, বর্তমান সভাপতি কাজী কামাল হোসেন এবং নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মঈনুল হাসান, ওয়াহিদুজ্জামান মানিক ও মো. হাফিজ সিকদার।
Leave a Reply