
ঋণ দেয়ার নামে ‘রুরাল ডেভেলপমেন্ট ফোরাম (RDF)’ নামে একটি ভুঁইফোড় এনজিও যশোরের হামিদপুর এলাকার শতাধিক ব্যক্তিকে পথে বসিয়ে গা ঢাকা দিয়েছে। ভুয়া এনজিও’টি ত্রিশ লক্ষাধিক টাকা হাতিয়ে দশ গ্রামের মানুষকে পথে বসিয়েছে। লাপাত্তা হওয়া ওই এনজিওর বিরুদ্ধে এখন মাঠে নেমেছেন ভুক্তভোগীরা।বুধবার (১৯ নভেম্বর) সকালে সাইনবোর্ডসর্বস্ব ওই প্রতিষ্ঠান কার্যালয় হামিদপুর গ্রামের ব্যাংকার শফিকুজ্জামানের বাড়ি ঘেরাও সহ মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা।
দ্রুত ওই ভুয়া এনজিওর পলাতক কর্মকর্তা কর্মচারী, বাড়িওয়ালা শফিকুজ্জামান এবং সংশ্লিষ্ট সকলকে আটক ও টাকা ফেরত দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ভুক্তভোগীরা। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবগতও করেছেন তারা।
স্থানীয় সূত্র ও বিক্ষুব্ধ ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামিদপুর গ্রামের শফিকুজ্জামান নামে এক ব্যাংকারের বাড়ি ভাড়া নিয়ে কয়েক মাস আগে রুরাল ডেভেলপমেন্ট ফোরাম-আরডিএফ নামে একটি ভুয়া এনজিও আস্তানা তৈরি করে। ইয়াসমিন, সালাউদ্দিন, আলী আকবরসহ কয়েকজনের একটি সংঘবদ্ধ চক্র নিজেদেরকে এই এনজিওর কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে মাঠ চষতে থাকেন।
জনপ্রতি তিন লাখ, পাঁচ লাখ, সাত লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার কথা প্রচার করে হামিদপুর এলাকার হামিদপুর, সুলতানপুর, বাউলিয়া নীলগঞ্জ, চাঁদপাড়া, নালিয়া, সীতারামপুর, রাজারহাট, কচুয়া ফতেপুর, ধানঘাটা, তালবাড়ীয়া, রাজাপুর, বাকডাঙ্গা, তারাগঞ্জসহ দশটি গ্রামে প্রচারণা চালিয়ে টাকা হাতাতে থাকেন। জনপ্রতি কমপক্ষে ৬ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে কয়েকদিন আগে আত্মগোপনে চলে গেছে ওই প্রতারক চক্র।
গত মাসখানেক তারা সদস্য সংগ্রহ, ঋণ প্রদান ও উন্নয়নমূলক কাজের নামে অর্থ নেয়ার পর অফিস গুটিয়ে পালিয়েছে। এ ঘটনায় অভিযোগ তুলে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন লিটন হোসেন নামে এক ভুক্তভোগী।এদিকে আজ সকালে ওই ভুয়া এনজিওর কার্যালয় হামিদপুরের ব্যাংকার শফিকুজ্জামানের বাড়ির সামনে জড়ো হন ভুক্তভোগীরা। এনজিওর দেয়া বই হাতে নিয়ে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে দায়তলার হাদিউজ্জামান, বাউলিয়ার বাসিরা বেগম, সুলতানপুরের আদুরী বেগম রুনু রুনা, নাসিমা, ধানঘাটার রিজিয়া, আলিফ, জান্নাতুল, কুলসুম, সুলতানপুরের নাসির উদ্দিন, বাউলিয়ার আছিয়া খাতুন, তালবাড়িয়ার মিরাজুল, ফতেপুরে লিটন ঘোষসহ অর্ধশত নারী-পুরুষ জানান, আরডিএফ নামে একটি এনজিও কর্মীরা তাদের কাছ থেকে ৩০ লাখ টাকার উপরে হাতিয়ে নিয়েছেন ঋণ দেয়ার নামে। তারা টাকা দেন মোটা অংকের লোন পাওয়ার আশায়। এনজিও কর্মীদের মধ্যে ইয়াসমিন, সালাউদ্দিন, আলী আকবার, সানিক, নাঈমা, রোকেয়া, সিটুল, রাজিবসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন তারা।
অভিযোগে তারা আরো উলে¬খ করেন, আরডিএফ কর্মীরা এলাকার লোকজনকে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শতাধিক সদস্য সংগ্রহ করেন। সদস্যপ্রতি ২০০ টাকা করে ফি নেয়া ছাড়াও ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ‘লোন প্রোসেসিং’ খরচ আদায় করেছে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন অপেক্ষার পরও কেউ ঋণ পাননি। বরং প্রতিষ্ঠানটির লোকজন নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। অতিরিক্ত অর্থ দাবি ও টাকা ফেরতের বিষয়ে প্রশ্ন তুললে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। গত ৫ নভেম্বর দুপুরে আরডিএফ’র হামিদপুরস্থ অফিসে গেলে তারা বুঝতে পারেন প্রতিষ্ঠানটি আসলে একটি ভুয়া এনজিও। অফিসের কর্মীরা দ্রুত স্থান ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে তারা প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।
ভুক্তভোগীরা ভুয়া এনজিওর দেয়া পাশ বই উঁচু করে দেখিয়ে কান্না বিজড়িত কন্ঠে আরো বলেন, অনেকেই টাকা দিয়েছেন। কেউ কেউ লাখ টাকার বেশি দিয়েছেন। এখন অফিসে গেলে কাউকে পাওয়া যায়না। তারা প্রতারিত হয়েছেন। আর সর্বশেষ বিভিন্ন অভিযোগ করেন তারা। বাড়ি মালিক শফিকুজ্জামান জেনে শুনে ভুয়া এনজিওকে ভাড়া দিয়েছেন এমনও অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি এ ভুয়া চক্রে ব্যাংকার শফিকুজ্জামানও সরাসরি জড়িত। তার সাথে কথা বলতে গেলে তিনি এখন উল্টো হুমকি দিচ্ছেন।এ ব্যাপারে দ্রুত ভুয়া এনজিওর লোকজনসহ বাড়িওয়ালা ব্যাংকার শফিকুজ্জামানকে আটকের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ঘটনার ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য ওই এনজিও কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে যারা টাকা পয়সা নিয়েছিলেন তাদের মধ্যে ইয়াসমিন, আলী আকবার ও সালাউদ্দীনের তিনটি ফোন নাম্বারে ফোন দিলে তা বন্ধ পাওয়া গেছে।
Leave a Reply