
স্বাধীন বাংলানিউজ ডেস্ক:
দেড় যুগের বেশি সময় নির্বাসিত জীবন পেরিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরে আলিঙ্গনে-করমর্দনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তিনি বিমানবন্দরে অবতরণের পর দলের সিনিয়র নেতারা স্বাগত জানান।এ সময় সবার সঙ্গে আলিঙ্গন করেন তারেক রহমান। প্রিয় নেতাকে পেয়ে সিনিয়র নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ এক অন্যরকম অনুভূতি তাদের কাছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ (টুকু) ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় উপস্থিত ছিলেন।
২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সি তারেক রহমান। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকেই তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ভার্চুয়ালি সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। লন্ডন থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
Leave a Reply