
সোহেলরানা ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি ও যুবদলের আহ্বানে কাফন পরে এক ব্যতিক্রমধর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপিকে মনোনয়ন না দিয়ে জোটের শরিক দল গণঅধিকার পরিষদের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কাফনের কাপড় পরিহিত নেতাকর্মীরা কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা “ধানের শীষে মনোনয়ন চাই”, “ভোটের অধিকার ফিরিয়ে দাও” সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “ঝিনাইদহ-৪ আসন বিএনপির শক্ত ঘাঁটি। এখানে বিএনপিকে উপেক্ষা করে অন্য দলকে মনোনয়ন দেওয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে চরম অবিচার।” এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু বলেন, “এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, ইলিয়াস রহমান মিঠু, মহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, আনোয়ার কমিশনারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ঘোষণা করার জোর দাবি জানান।
Leave a Reply