
কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভায় আসার পথে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম।
এরমধ্যে আনোয়ার হোসেন কালুর দুই হাত ও বাম পা ভেঙে গেছে বলে দাবি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুল মাঠে প্রথম নির্বাচনী সভার আয়োজন করা হয়েছে। সেখানে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় আমার সমর্থকের উপর বিএনপি মনোনীত প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। এতে আমার দুই সমর্থক আহত হয়েছেন।
এ ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ-সদর আংশিক) ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেন, হামলার ঘটনা ঘটেছে কিনা জানা নেই। আমার কোনো কর্মী এ ধরণের ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটিও নিশ্চিত নই। খোঁজখবর নিয়ে পরে জানাবো। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
Leave a Reply