জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন ৮ উদ্যোক্তা, উদ্বোধন হলো ১৩তম এসএমই পণ্য মেলা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় আট উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তিনি সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবারের জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার আটটি পৃথক ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো— বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ উদ্যোক্তা, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা, বিশেষ উদ্যোক্তা। এসএমই খাতে উদ্ভাবন, সৃজনশীলতা, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক সাফল্যকে উৎসাহিত করতেই এ পুরস্কার দেওয়া হয়েছে।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের পণ্য প্রদর্শন, বিক্রয়, প্রচার এবং নতুন বাজার সৃষ্টির সুযোগ বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সাত দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে অংশগ্রহণ করছেন মোট ৩৮০ জন উদ্যোক্তা। মেলার মাধ্যমে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
তথ্যচিত্রে তুলে ধরা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে দেশের প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জাতীয় এসএমই পণ্য মেলা এবং উদ্যোক্তা পুরস্কার প্রদান কার্যক্রমের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং জাতীয় অর্থনীতিতে এসএমই খাতের অবদান আরও বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।