
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রাম স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে ওয়ারুক ছাত্র-যুব সমাজের উদ্যোগে এক জমজমাট ফুটবল প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রীতি ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে ওয়ারুক ফুটবল একাদশ ও শিবপুর ফুটবল একাডেমি।
নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৫–৪ গোলে ওয়ারুক ফুটবল একাদশকে পরাজিত করে শিবপুর ফুটবল একাডেমি বিজয় অর্জন করে। ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় জমান বিপুলসংখ্যক দর্শক। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার মহৎ লক্ষ্যেই এ আয়োজন করা হয়। ম্যাচের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মো. মোজাম্মেল হক মাসুম, চেয়ারম্যান, সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে এবং অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারে নিজেকে সংযত রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা ও পরিচালক, লুৎফুর রহমান ফাউন্ডেশন। তিনি বলেন, খেলাধুলা আমাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করে এবং তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। পড়াশোনা ও পেশাগত দায়িত্ব ঠিক রেখেই খেলাধুলা করা প্রয়োজন।
এছাড়াও উপস্থিত ছিলেন— মো. শহীদ মিয়া (বিশিষ্ট ব্যবসায়ী, শিবপুর বাজার), মো. রবিউল্লাহ (ব্যবসায়ী), মো. সজীবুল ইসলাম সজিব (পরিচালক, ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, শিবপুর), মো. আজমেল হক (সহ-সভাপতি, নূরনগর ব্লাড ব্যাংক), এহসানুল হক সুজন (সাবেক সভাপতি, আলোকিত নুরনগর সামাজিক সংগঠন), মো. বাবু (আপ্যায়ন সম্পাদক, শিবপুর মাঠ পরিচালনা কমিটি), আফসার (সাবেক খেলোয়াড় ও প্রবাসী)সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। খেলায় ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক জুয়েল রানা, যা ম্যাচের উত্তেজনা ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। ম্যাচটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম হাসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল ফেডারেশনের দক্ষ রেফারি।
ওয়ারুক ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন মো. শরীফুল ইসলাম শরীফ এবং শিবপুর ফুটবল একাডেমির অধিনায়কত্ব করেন আক্তারুজ্জামান আক্তার। দুই দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, নৈপুণ্য ও ক্রীড়াশৈলী দর্শকদের মুগ্ধ করে। আয়োজক ও সচেতন মহলের প্রত্যাশা—এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ারুক ছাত্র-যুব সমাজের এই প্রশংসনীয় উদ্যোগ এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Leave a Reply