বাগেরহাটের শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে ইউএনওর বাসভবনে সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেয় কর্মচারীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ওয়াইল্ডটিমের কর্মকর্তা আলম হাওলাদারের নেতৃত্বে একটি দল।
আলম হাওলাদার জানান, উদ্ধারকৃত সাপটি ঘরগিন্নি এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ সাপ। সাধারণত এ ধরনের সাপ মানুষের বসতবাড়ির আশপাশে দেখা যায় এবং টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানের পর সাপটিকে বন বিভাগের সহযোগিতায় তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান বদলি হওয়ার পরে সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্বে থাকলেও তিনি ওই বাসভবনে এখনো ওঠেননি বলে জানা গেছে।