খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত মো. পারভেজ গাজী (৩২) ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) পীযূষ দাশ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে লবণচরা থানা এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পারভেজ গাজী লবণচরা থানার মোক্তার হোসেন সড়কের ৭ নম্বর গলির বাসিন্দা। তার পিতার নাম নুর ইসলাম গাজী ও মাতার নাম আকলিমা বেগম।
পুলিশ জানায়, পারভেজ বর্তমানে মহানগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত। লবণচরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গুম, খুন, চাঁদাবাজি, ভাড়াটে খুন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া লবণচরা থানা এলাকায় সংঘটিত একাধিক গুলিবর্ষণের ঘটনার সঙ্গেও তার নাম জড়িত বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের অপরাধ পর্যালোচনা (পিসিপিআর) অনুযায়ী, পারভেজের বিরুদ্ধে লবণচরা, খুলনা সদর ও খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে দায়ের হওয়া কয়েকটি মাদক মামলা ছাড়াও ২০২৬ সালে হত্যাচেষ্টা, গুরুতর জখম, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও সংঘবদ্ধ হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এছাড়া তার নামে লবণচরা থানায় দুটি সাধারণ ডায়েরিও (জিডি) রয়েছে।
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।