যশোরের বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ওমর ফারুক ও তার পরিবারের অভিযোগ, ঘটনার আগে বেনাপোলের স্বেচ্ছাসেবক লীগের এক শীর্ষ নেতার সঙ্গে মুঠোফোনে কথা কাটাকাটি হয় ফারুকের। এ সময় ওই নেতা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা তার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে দাবি করেন তারা।
ঘটনার পরপরই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলমসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন, রাতের অন্ধকারে কে বা কারা বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।