রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে এ হামলা চালায়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তদের ধারণ করা একটি ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের পরপরই হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে, হামলার পর গ্রামীণ ব্যাংকের কার্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা নিক্ষেপের ফলে ব্যাংক ভবনের সামনের অংশে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।