প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি কিছুটা হারিয়ে ভারতের ওড়িশা উপকূলের গোপালপুরের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুরের কাছাকাছি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বঙ্গোপসাগরের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।জেলাগুলো হলো—ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।