রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা এলাকায় তিন ফসলি কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ জুন) দুপুরে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নওটিকা মৌজার একাধিক স্থানে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত সিন্ডিকেট সদস্য ও এস্কেভেটর (ভেকু) চালকরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক কিংবা তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
অবৈধ খনন কার্যক্রম বন্ধে প্রশাসন ঘটনাস্থলে থাকা একটি বৃহৎ এস্কেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেয় এবং এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “আইন অমান্য করে যারা কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা করছে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নওটিকা এলাকার স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। তারা অবৈধ পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।