ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকায় একই রাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে বাজার এলাকার সৌদিয়া গার্মেন্টস ও ওয়ান কালেকশনে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ২৯ হাজার ৮০০ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, চোরেরা রাতের আঁধারে প্রতিষ্ঠান দুটির ক্রোমস্টিলের গেট ও শাটার সাবল, লোহার রড, কাঠ ও ইটের সাহায্যে নিচের অংশ ফাঁকা করে দোকানের ভেতরে প্রবেশ করে। পরে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে সেখানে থাকা নগদ টাকা নিয়ে যায়। দোকান মালিকেরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তাঁরা গেট ও শাটার বাঁকানো অবস্থায় দেখতে পান।
পরে কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে শাটার খুলে ভেতরে প্রবেশ করলে ক্যাশ ড্রয়ার মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ড্রয়ারে থাকা টাকা চুরি হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তাঁরা। দোকান মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদিয়া গার্মেন্টস থেকে ৭ হাজার ৮০০ টাকা এবং ওয়ান কালেকশন থেকে ২২ হাজার টাকা চুরি হয়েছে।
একই রাতে বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, রাতে বাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।