নেছারাবাদে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দৈনিক পত্রিকায় প্রকাশের প্রতিবাদে এক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের বিএনপির দলীয় নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, মো. নিয়াজ মোর্শেদ দেলোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। একটি আঞ্চলিক পত্রিকায় তার ছবি ব্যবহার করে ‘মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, প্রকাশিত ওই সংবাদের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং তাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার ছবি ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, শহীদ স্মৃতি কলেজের কর্মচারী নিয়োগ বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, গভর্নিং বডির সভাপতি ও কলেজ অধ্যক্ষ রয়েছেন। ওই নিয়োগ বোর্ডের তিনি কোনো সদস্য নন। ফলে নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
নাসির উদ্দিন তালুকদার আরও দাবি করেন, প্রকাশিত সংবাদে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পত্রিকার ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছকে অবহিত করা হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ৮ অক্টোবর পত্রিকাটিতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, রাজনিতীর পাশাপাশি তিনি পোল্ট্রি ফিড ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পদ-পদবিতে থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ফ্যাসিস্ট আমলে তিনি ১৫ বার কারাবরণ করেছেন বলেও দাবি করেন। তার ভাষ্য, তিনি কখনো বিএনপি থেকে বহিষ্কৃত হননি। রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন তালুকদার বলেন, প্রকাশিত সংবাদে তার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এতে তার প্রায় এক কোটি টাকার মানহানি হয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
এ সময় তিনি দাবি করেন, এর আগেও তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আতিকুল ইসলাম লিটু, মো. আজহারুল ইসলাম টুটুলসহ বিএনপি, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোঃ রুহুল আমিন, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।