ইতালিতে ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। দেশটির নতুন কর্মী প্রবেশ কোটা বা ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৭টি দেশের নাগরিকদের জন্য এ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে বিদেশি কর্মী নিয়োগ দেবে ইতালি সরকার।ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের বিদেশি কর্মী নিয়োগের এ কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০টি পদের মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন।
এ ছাড়া অমৌসুমি কর্মীদের জন্য বরাদ্দকৃত কোটার মধ্যে ১৪ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা বা কেয়ারগিভার খাতে। ৩৭টি দেশের নাগরিকদের জন্য ইতালিতে কাজের সুযোগবাংলাদেশ ছাড়াও ইতালির ২০২৭ সালের কর্মী নিয়োগ কর্মসূচির তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, ঘানা, জাপান, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়াসহ আরও কয়েকটি দেশ।তবে বাংলাদেশি কর্মীদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট কর্মী কোটা ঘোষণা করা হয়নি। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্য থেকে নির্ধারিত সামগ্রিক কোটার ভিত্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতালি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর থেকে। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।আবেদনসংক্রান্ত তথ্য পূরণ করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI অনলাইন পোর্টালে।আবেদন পোর্টাল: https://portaleservizi.dlci.interno.it/AliSportello/ali/home.htm
তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কর্মী নিয়োগের মূল আবেদন জমা দেওয়ার দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, একজন বৈধ ইতালীয় নিয়োগকর্তাকে চাকরির প্রস্তাব দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কর্মী নিয়োগের আবেদন জমা দেওয়ার জন্য চারটি নির্দিষ্ট দিন রাখা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের জন্য ২০২৭ সালের ১২
জানুয়ারি, পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যা খাতের কর্মীদের জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।ইতালিতে কাজের সুযোগ পেতে বাংলাদেশি কর্মীদের বৈধ নিয়োগকর্তা ও চাকরির প্রস্তাব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে নিয়োগকর্তার পরিচয়, প্রতিষ্ঠানের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
এ ছাড়া ইতালি যাওয়ার নামে দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। বিশেষ করে ভুয়া চাকরির প্রস্তাব, ভিসার নিশ্চয়তা এবং অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সতর্ক থাকতে হবে।ইতালির ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে দেশটির সরকার।
এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে।এই কর্মসূচির মাধ্যমে আগামী তিন বছরে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ইতালির শ্রমবাজারে কাজের সুযোগ তৈরি হবে। বাংলাদেশিরাও নির্ধারিত নিয়ম ও শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন।