সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং পালাতক ও ফেরারি আসামিদের অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় গুজব ও অপপ্রচার রোধ, জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে
আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। সভায় সভাপতিত্ব করেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. শাকিবুর রহমান।মতবিনিময় সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ক্যামেরা, ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন ও বিশেষ নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, মানবপাচার, চোরাচালান এবং পালাতক ও ফেরারি আসামিদের অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধী ও তাদের সহযোগীদের শনাক্তে কাজ চলছে।সাংবাদিকদের উদ্দেশে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধ পারাপারের চেষ্টা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে জানানোর আহবান জানান । পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য ও গুজব ছড়িয়ে যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তসংক্রান্ত অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থাও রয়েছে।সভায় সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।