• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাখালগাছি ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত মুস্তাফিজুর রহমান যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট রমজানে টিসিবির পণ্য বিক্রি, উপকৃত হবেন ৪০ লাখ মানুষ আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস কালীগঞ্জে আমির হামজার মাহফিল অনুষ্ঠিত হবে, বিএনপির মাদকবিরোধী কর্মসূচি স্থগিত চুড়ামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার  রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন 

হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট

স্পোর্টস ডেস্ক / ১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আগামীকাল রাত সাড়ে ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াই। ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামার আগে আজ সকালে অনুশীলন করেছে পাকিস্তান দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির গোলরক্ষক ইউসুফ বাট। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। প্রতিপক্ষের এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ঘিরে সাধারণত বিশেষ পরিকল্পনা থাকে। তবে হামজাকে নিয়ে মোটেও চিন্তিত নন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। বরং বাংলাদেশের অধিনায়ক ও নিজের ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলতেই বেশি আগ্রহী তিনি।

এ প্রসঙ্গে ইউসুফ বাট বলেন, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’হামজা চৌধুরী ও সামিত সোমের সামর্থ্যের প্রশংসা করলেও নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী পাকিস্তানের এই গোলরক্ষক। তার মতে, বাংলাদেশ দলে ভালো মানের ফুটবলার থাকলেও পাকিস্তান দলেও রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়।

বাট বলেন, ‘তাদের দিক থেকে বলতে গেলে, হ্যাঁ, তারা ভালো খেলোয়াড়। আমাদেরও খুব ভালো খেলোয়াড় রয়েছে। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদ রয়েছে। আমি মনে করি, তারা দুর্দান্ত খেলোয়াড়। গ্যারান্টি দিতে পারি, আমাদের দলেও অসাধারণ খেলোয়াড় রয়েছে।’

ফিফা উইন্ডোতে আরও পাঁচজন ফুটবলার যুক্ত হওয়ায় পাকিস্তান দলের শক্তি বেড়েছে বলেও মনে করেন ইউসুফ বাট। নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা তার।তিনি বলেন, ‘আমাদের পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সঙ্গে যোগ দিয়ে সাহায্য করতে পারবে। তবে আবারও বলছি, সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা করি, সেটাই যথেষ্ট হবে।’

২০১৮ সালে ঢাকায় বাংলাদেশের কাছে হারের স্মৃতিও ভুলে যাননি পাকিস্তানের এই গোলরক্ষক। দীর্ঘ আট বছর পর সেই হারের প্রতিশোধ নেওয়ার প্রত্যাশা করছেন তিনি। ওই ম্যাচে আত্মঘাতী গোলের কারণে বাংলাদেশ জয় পেয়েছিল বলে মনে করেন বাট। তার ভাষায়, ‘বাংলাদেশ ও পাকিস্তান সবসময়ই ভালো ম্যাচ খেলে। ২০১৮ সালে একটি আত্মঘাতী গোলের কারণে তারা খুব ভাগ্যবান হয়েছিল। ইনশাআল্লাহ, এবার ফলাফল অন্যরকম হবে।’

এবারের টুর্নামেন্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউসুফ বাট। বিশেষ করে স্বাগতিক দলের সমর্থকদের চাপের মধ্যে ভিএআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।বাট বলেন, ‘আমরা জানি, বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। আমার মনে হয়, এটি আমাদের জন্য বড় সহায়তা হবে। কারণ, যখন স্বাগতিক দল ও তাদের সমর্থকেরা থাকে, তখন অনেক চাপ তৈরি হয়। তাই আলহামদুলিল্লাহ, আমি খুশি যে ভিএআর থাকার কারণে বিষয়টি আরও গোছানো হতে পারে।’

চলমান সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। সেই হারের হতাশা কাটিয়ে এবার ফাইনালে ভারতের মুখোমুখি হতে চান ইউসুফ বাট। তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের বাধা পেরোনোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

ভারতের বিপক্ষে আবারও খেলার প্রত্যাশা জানিয়ে বাট বলেন, ‘আমি সত্যিই ভারতের বিরুদ্ধে আবারও খেলতে চাই। কারণ, আমাদের জন্য ম্যাচটি খুবই খারাপ ছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে এটি হয়তো আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল। তাই আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব। তবে এক ম্যাচে এক ধাপ করে এগোতে হবে। এখন আমাদের সামনে বাংলাদেশ।’পাকিস্তানের ফুটবলারদের কাছে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বও তুলে ধরেছেন এই গোলরক্ষক।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতাটিকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আসর হিসেবে বিবেচনা করেন তিনি। পাশাপাশি আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির ক্ষেত্রেও এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাট।তিনি বলেন, ‘আমি সাফ কাপ খেলতে ভালোবাসি। আমাদের কাছে সাফ কাপ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী বছর ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ বাছাইপর্বও আছে। তবে সাফ কাপ এমন একটি প্রতিযোগিতা, যা জেতা আমার এবং বিশেষ করে দলের বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা