পর্তুগালের হয়ে ২০২৬ বিশ্বকাপই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪১ পেরিয়ে যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন পর্তুগিজ মহাতারকা। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না রোনালদো। পর্তুগালের হয়ে আরও সাফল্য অর্জন, তরুণ ফুটবলারদের পাশে থাকা এবং নিজের ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার লক্ষ্যেই জাতীয় দলের সঙ্গে পথচলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন রোনালদো। সেখানে তিনি জানান, অবসর নিয়ে অবশ্যই ভেবেছিলেন। একই সঙ্গে নিজের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ নিয়েও নিয়মিত চিন্তা করেন বলে উল্লেখ করেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড। রোনালদো জানান, জাতীয় দলের প্রেসিডেন্ট ও কোচ জর্জ জেসুসের সঙ্গে আলোচনার পর তার ভাবনায় পরিবর্তন এসেছে।
পর্তুগালকে আরও সাফল্য এনে দিতে এখনো নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।শুধু মাঠে গোল করাই নয়, জাতীয় দলের বাইরে থেকেও তরুণ ফুটবলারদের সহযোগিতা করতে চান রোনালদো। পর্তুগালের নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশে থাকা এবং নিজের অভিজ্ঞতা দিয়ে তাদের সহায়তা করাকেও তিনি দায়িত্বের অংশ হিসেবে দেখছেন
রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত একটি বড় লক্ষ্যও। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক থেকে বর্তমানে ২১ গোল দূরে রয়েছেন তিনি। তাই জাতীয় দলের সাফল্যের পাশাপাশি বহুল প্রত্যাশিত এই ব্যক্তিগত অর্জনও পূরণ করতে চান পর্তুগিজ তারকা।
পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচ খেলা রোনালদোর সামনে তাই আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নেশনস লিগের ম্যাচগুলো দিয়ে শুরু হওয়া এই পথচলায় জাতীয় দলের হয়ে আরও সাফল্য অর্জনের পাশাপাশি ১ হাজার গোলের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে চান তিনি।তবে রোনালদো কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, তা এখনো নিশ্চিত নয়। তার ১ হাজার গোলের মাইলফলক অর্জনের পর জাতীয় দলের জার্সি তুলে রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।