যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মধ্য বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় মাদক সেবন ও কারবারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের পাশে কিশোর-যুবকদের এমন আড্ডায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মাদক সেবনের পর শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগও করেছেন স্থানীয়রা। এসব কর্মকাণ্ডে বাধা দিতে গিয়ে বিদ্যালয়ের এক শিক্ষক হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বাগডাঙ্গা, দোগাছিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিশোর-যুবকদের একটি দল বিদ্যালয়ের মাঠের পাশে জড়ো হয়ে মাদক সেবন ও কারবারে জড়িত থাকে। স্থানীয়ভাবে নয়ন নামে এক যুবকের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার সহযোগী হিসেবে সিয়াম ও সম্রাট নামে আরও দুজনের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।
বিদ্যালয়ের শিক্ষক হাসান আলী বলেন, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এরপর তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
মধ্য বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানুর আলম বলেন, “বিদ্যালয়ের আশপাশে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নিষেধ করা হলেও তারা কথা শুনতে চায় না। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
স্থানীয়দের উদ্যোগে আড্ডা বন্ধের চেষ্টা
এলাকায় মাদক সেবন ও আড্ডার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সম্প্রতি সেখানে গিয়ে আড্ডা বন্ধের চেষ্টা করা হয়। বাবু বাজারের ব্যবসায়ী রুবেল হোসেনের নেতৃত্বে স্থানীয়রা তাদের বুঝিয়ে ওই স্থান থেকে চলে যেতে বলেন। এ সময় নয়নসহ কয়েকজনের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয় বলে জানা গেছে।
রুবেল হোসেন বলেন, “প্রথমে আমরা তাদের বুঝিয়ে বলেছি। এরপরও যদি একই ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।”
এ সময় তার সঙ্গে আলম হোসেন, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন , মামুন হোসেন , রিয়াজুল ও কামারুলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “বিদ্যালয়ের পাশে মাদক সেবন ও কারবারের অভিযোগের বিষয়টি আমাদের আগে জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। বিদ্যালয় ও আশপাশের এলাকায় নিয়মিত নজরদারি করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা হবে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।