নড়াইলের কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ সাগর গাজী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ১১ নম্বর পিরোলী ইউনিয়নের শীতলবাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পিরোলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোমরেজ আলীর নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এএসআই আবুয়াল হোসেন, কনস্টেবল আলী হোসেন, মোঃ শহিদুর রহমান ও জোবাইদুল ইসলাম।
অভিযান চলাকালে শীতলবাটি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর গাজীর বসতঘরে তল্লাশি চালিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।