যশোরের শার্শায় বিশেষ অভিযানে সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল ডকের বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় আটক হওয়া মো. আব্দুল কাদের (২০) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাভারণ রেল বাজার এলাকার নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের পাঁচটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইলসহ মোট সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল কাদের নাভারণ রেল বাজার এলাকার বাসিন্দা। তার পালিত পিতা সালাম গাজী এবং পালিত মাতা শিল্পী বেগম।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো চোরাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।