নেছারাবাদ উপজেলা থেকে সাতলা লাল শাপলার বিলে ভ্রমণে গিয়ে রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা শাপলার বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম নেছারাবাদ উপজেলার ৫ নম্বর জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা-ঝালকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর প্রায় ৫টার দিকে নেছারাবাদ থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ট্রলারে করে উজিরপুর উপজেলার সাতলা লাল শাপলার বিল ভ্রমণে যায়। তারা প্রথমে উপজেলার জনতার বাজার এলাকার পটিবাড়ি ঘাটে পৌঁছে সেখান থেকে কয়েকটি নৌকায় করে শাপলার বিলে ঘুরতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি নৌকায় পাঁচ থেকে ছয়জন যাত্রী থাকার কথা থাকলেও তারা নৌকায় ১২ থেকে ১৩ জন পর্যন্ত ওঠানো হয়। একপর্যায়ে রাকিবুল নৌকার এক প্রান্ত থেকে বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা তুলতে ঝাঁপ দেন।
কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর পানির ওপর ভেসে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর রাকিবুলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় রেজাউলের ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ রাকিবের নিজ বাড়ীতে নিয়ে আাসেন, এদিকে পারিবারিক সিদ্ধান্তে বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে রাকিবুল ইসলামের দাফন সম্পন্ন করা হয়। স্থানীয় ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রাকিবুল খুবই ভদ্র ও মেধাবী একজন ছাত্র ছিল।
সকালে তারা সাতলা শাপলার বিলে ঘুরতে গিয়েছিল। পরে ফোনে তার মৃত্যুর খবর জানতে পারি।” নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “রাকিব একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” রাকিবুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।







