ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে পানের বরজে কাজ করার সময় তিনি বজ্রপাতের শিকার হন।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কৃষক মাঠে পানের বরজে কৃষিকাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
চটকাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন জানান, বিকেলে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পানের বরজে কাজ করছিল আজিজুল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।
হরিনাকুন্ড থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।