গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “ভূমি সংক্রান্ত সেবা এখন আর মানুষের ভোগান্তির কারণ হবে না। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার মাধ্যমে দ্রুত, সহজ ও স্বচ্ছ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূমি অফিসগুলোকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী ভূমি কমিশনার সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও বাঘা থানা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা থানা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেলায় সাধারণ জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান উত্তোলন, অনলাইন ভূমি সেবা গ্রহণ ও বিভিন্ন ডিজিটাল সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে তাৎক্ষণিক সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আয়োজকরা জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।