• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সুন্দরবনে আবারো বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ট্রলার সহ ১২ জেলেকে অপহরণ করেছে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী আবারো মোটা অংকের মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে বলে জানা গেছে।
জেলেদের মহাজনরা নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী জানান, মঙ্গলবার গভীর রাতে সুন্দরবনের দুবলারচরের কাছে সাগর মোহনায় মাছ ধরতে থাকা জেলেদের নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে। বনদস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে বলে একটি সূত্রে জানা গেছে।
অপহৃত জেলেরা হলো, ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। তবে জেলেদের বাড়ি বরগুনা, পাথরঘাটা ও নিদ্রা সখিনা এলাকার বলে জানা গেছে।
এছাড়াও দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটকা রয়েছেন বলে জানা গেছে। অপহরণের সময় দস্যুদের সংখ্যা ছিল ১৫ থেকে ১৬ জন এবং তারা বিশেষ ধরনের পোশাক পরিহিত ছিল বলে জানান ওই মহাজন।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার রুহিতা ও নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনে অপহরণ করেছে বলে তারা খবর পেয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমান বুধবার দুপুরে মোবাইল ফোনে জানান, গত রাতে দুবলারচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে বনরক্ষীরা রাতেই সুন্দরবনে অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাওয়া যায়নি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীমুল হক বলেন, সুন্দরবনে ১২ জন জেলে অপহরণের খবর তিনি শুনেছেন। তবে কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুল মালেক রেজা
শরণখোলা, বাগেরহাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা