ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার বাদ মাগরিব উপজেলার বৃত্তিপাড়া বাজারের মির্জাপুর-বৃত্তিপাগড়া ওমর (র) জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মসজিদের কমিটি গঠন নিয়ে ওই বৃত্তিপাড়া ও মির্জাপুর গ্রামে পদ প্রত্যাশীদের মাঝে বিরোধ চলছিলো। শুক্রবার মসজিদের কমিটি গঠন করা হয়। শনিবার বাদ মাগরিব সেই কমিটি ঘোষনা করতে গেলে বৃত্তিপাড়া গ্রামের পদবঞ্চিতরা প্রতিবাদ জানায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কাচেরকোল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদসহ আহত হয় অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।